গুলশান ও শোলাকিয়াসহ দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে এ প্রতিবাদ র্যালি বের করা হয়।
এদিকে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ধারাবাহিক ভাবে সকল আবাসিক হলে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা করেছে হল প্রশাসন। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ইবি বঙ্গবন্ধুর পরিষদের যুগ্ম-আহবায়ক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান মেডিকলে অফিসার নজরুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম সোয়াইব আহমেদসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, দেশে যারা জঙ্গি ও সন্ত্রাসী হামলা করছে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। তাদেরকে কোন ভাবেই সন্ত্রাস চালাতে দেয়া হবে না। আজ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। ধর্মের নামে জঙ্গিরা যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তা কখনোই এজাতি সমর্থন করবে না।
এমআইএস





