বাস চালু করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যায়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যায়ের টুকিটাকি চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাবি ছাত্রফেডারেশনের সাধারণ সম্পাদক জারিফ অয়ন মুহিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে বাস চালু না করে প্রতিদিন চলছে বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা। ফলে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গুণতে হচ্ছে বাড়তি টাকা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না। শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পয়েন্টে একাধিক পুলিশ থাকা সত্বেও প্রতিদিন বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেই যাচ্ছে। তাহলে পুলিশ কিসের নিরাপত্তা দিচ্ছে। বিক্ষোভ মিছিল থেকে অনতিবিলম্বে পুলিশ নিরাপত্তা দিয়ে বাস চালুর জোর দাবি জানান।
এদিকে সমাবেশ শেষে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও প্রক্টর তারিকুল হাসানের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদেরকে সেখানে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এআর





