জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জনসংযোগ অফিসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন-জনংসযোগ দপ্তরের পরিচালক মীর আবুল কাশেম ও উপ-পরিচালক আবদুস সালাম মিঞা‌।

এক হিন্দু কর্মচারী স্বপরিবারে ‘ইসলাম ধর্ম গ্রহণ’ শীর্ষক সংবাদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের প্যাডে ‘প্রেস বিজ্ঞপ্তি’ আকারে প্রকাশ করায় তাদেরকে বহিস্কার করা হয়।

উল্লেখ্য ঘটনার পরেরদিন দৈনিক জনকন্ঠ পত্রিকায় ‘জাহাঙ্গীরনগর ভার্সিটি প্রশাসনে জামায়াত জঙ্গিবাদিদের আছর!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্যাডে কারও ব্যক্তিগত বিষয়, বিশেষ করে ধর্ম নিয়ে তথ্য প্রকাশ করার মতো ঘটনাকে নজিরবিহীন অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।

এর প্রেক্ষিতে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. লুৎফর রহমানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় । তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার পর গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়,গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জনংযোগ অফিসের প্যাডে শ্রী পরেশ চন্দ্র গোয়ালা নামের এক হিন্দু কর্মচারী স্বপরিবারে ‘ইসলাম ধর্ম গ্রহণ’ শীর্ষক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে এ নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্যাডে কারও ব্যক্তিগত বিষয়, বিশেষ করে ধর্ম নিয়ে তথ্য প্রকাশ করার মতো ঘটনাকে নজিরবিহীন, অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।

এরপর গত ৩০ এপ্রিল এক হিন্দু কর্মচারী স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের পর সে বিষয় নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়ায় জাবি জনসংযোগ দপ্তরের পরিচালকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে জাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এতে জাবি উপাচার্য, রেজিস্ট্রার, সিন্ডিকেট, জনসংযোগ দপ্তরের পরিচালক এবং বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তাকে ১৫ মে’র মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু রুলের জবাব না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে একটি বিজ্ঞাপন দেন। আদালতের রুলের জবাব না দিয়ে বিচারাধীন বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগে গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে তলব করে হাইকোর্ট। পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। জাবি প্রশাসনও এ নিয়ে দুঃখ প্রকাশ করে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ