‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের অর্থে চলতে হবে’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাবি ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমনের পরিচালনায় সামাবেশে বক্তারা বলেন, গত বুধবার রাবিতে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শুধু সরকারি অর্থে শিক্ষা অর্জন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে এখনও আমাদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজের পায়ে দাঁড়াতে হবে।’

শিক্ষামন্ত্রীর এ বক্তব্য সরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের ঘৃণ্য চেষ্টা ছাড়া কিছুই নয়। আমরা শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার, ছাত্রফেডারেশনের সাধারণ সম্পাদক জাইফ অয়ন প্রমুখ।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ