জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সমুদ্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষবর্ষের Evolution and Earth's Biosphere (বিবর্তন ও পৃথিবীর জীবমণ্ডল) শীর্ষক কোর্সটি পরিচালনা করবেন তথ্যমন্ত্রী ড. হাছান। খণ্ডকালীন শিক্ষক হিসেবে আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সেখানে ক্লাস নেবেন তিনি।
পরিবেশ রসায়নের বিশেষ ক্ষেত্রভুক্ত বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে পরিবেশ বিজ্ঞান, রসায়ন ও আন্তর্জাতিক রাজনীতি -তিন বিষয়ে মাস্টার্স করেন ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বেলজিয়ামের 'ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস' থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স করেন তিনি। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ তাকে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত করে।
দেশের শিক্ষাঙ্গনেও তিনি ইতোমধ্যে সুপরিচিত। অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেবার পর শিক্ষক-শিক্ষার্থীদের ক্রমাগত অনুরোধে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেয়ার আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতার সময়ও প্রাজ্ঞ শিক্ষকরূপে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ড. হাছান মাহমুদ।
বর্তমানে তথ্যমন্ত্রী ড. হাছান দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।
বর্তমানে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনরত ড. হাছান মাহমুদ একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবেও নিরলস কাজ করে চলেছেন।
এসএম





