কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

ঢাবি প্রক্টর বলেন, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গঠন করা ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আজ (বুধবার) সভায় এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হলে সাধারণ ছাত্রীদের ওপর হামলার ঘটনায় হল প্রশাসন তাৎক্ষণিকভাবে এশাকে হল থেকে বহিষ্কার করে। ওই সময় ছাত্রলীগও হল শাখার সভাপতি পদ থেকে এশাকে বহিষ্কার করেছিল।

পরে ছাত্রলীগ তাদের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে এশা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় ১৩ এপ্রিল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করে।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে গত ১০ এপ্রিল ছাত্রলীগ তাৎক্ষণিক সংগঠন থেকে এশাকে বহিষ্কার করে। পরদিন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তার ছাত্রত্ব ফিরিয়ে দিল। 

এমবি