প্রশ্নপত্র ফাঁসের উৎস উদঘাটন করা যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, গত ২৯ জুন প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গত সাড়ে ৫ বছরে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে কোনো কিছু গোপন রাখেনি। সব বিষয় তদন্ত করে সবাইকে জানার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের উৎস সনাক্ত করা যায়নি। তবে তা উদঘাটনে চেষ্টা চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসরোধে ৪ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। সরকারী ছুটি বাদে বিরতি ছাড়াই পরবর্তী পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এসময় প্রশ্নপত্র ফাঁসরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।
সম্প্রতি শিক্ষামন্ত্রী সংসদে এক প্রশ্নের উত্তরে জানান, বিগত ৫ বছরে প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি।
ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





