ফেসবুকে রাষ্ট্রদ্রোহী বক্তব্য শেয়ার করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রকে শিবিরকর্মী অভিযোগে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সোমবার দুপুর ৩টার দিকে নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম শামীম রিফাত রাজু। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামীম তার ফেসবুক টাইমলাইনে শিবিরকর্মী কাউসার আরিফের পোস্ট শেয়ার করেন। কাউসার তার ফেসবুকে লেখেন, তিনি শিবিরের একজন শপথের জনশক্তি।
কাউসারের এ স্ট্যাটাস শেয়ার করায় শামীমের ওপর ক্ষুব্ধ হয়ে জবি ছাত্রলীগের হাসান আহমেদ, নাজমুল, জামাল, ফিরোজ, মাহাবুব, তন্ময় এবং নাসিমসহ দশ/বারোজন নেতা-কর্মী তাকে মারধর করেন। পরে আহত অবস্থায় উদ্ধার করে শামীমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ‘শামীমের ফেসবুক খতিয়ে দেখা হচ্ছে। তার শেয়ার করা স্ট্যাটাস রাষ্ট্রদ্রোহী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মারপিট কোনো সুরাহা নয়।’
এ বিষয়ে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এএইচ





