বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ কর্মী রেজাউল করিম রাজুর সঙ্গে দুই সাধারণ শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে নগরীর বানেশ্বরগামী বাসে এ হাতাহাতির ঘটনা ঘটে।
ছাত্রলীগকর্মী রেজাইল করিম রাজু আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্য দুই শিক্ষার্থী হলো, ফোকলোর বিভাগের চতুর্থ বর্ষের কাওসার আহমেদ ও আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিন্টু আহমেদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানেশ্বরগামী বাসে সিট বুকিং এর জন্য মিন্টু ও কাউসার বাসের সিটে ভিজিটিং কার্ড রেখে বাইরে যায়।
এরপর ছাত্রলীগকর্মী রাজু বাসে আর কোনো ফাঁকা সিট খুঁজে না পেয়ে কার্ড ফেলে ওই সিটে বসার চেষ্টা করে। পরে মিন্টু ও কাউসার রাজুকে বাঁধা দিলে রাজুর সাথে হাতাহাতির ঘটনা ঘটে।
এই ঘটনায় উভয়েই মারপিটের শিকার হয়েছে। এসময় রাজুর সাথে আরেক ছাত্রলীগ কর্মী ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক আলী উপস্থিত ছিল।
এ ঘটানায় রেজাউল করিম রাজু বলেন, ‘কাউসার ও মিন্টুর বুকিং করা সিটে যখন আমি বসতে যাই তখন তারা আমাকে বাঁধা দেয়।
আমি তাদেরকে বলি, ‘ভাই, এভাবে সিট দখল করে রাখা ঠিক নয়।’ঘটনার এক পর্যায়ে তারা আমার ওপর চড়াও হওয়ায় আমাদের মাঝে মারামারির ঘটনা ঘটে।’
সাধারণ শিক্ষার্থী মিন্টু আহমেদ ও কাউসার আহমেদ বলেন, ‘আমাদের দখল করা সিটে রাজু জোর করে বসতে চাইলে আমরা বাঁধা দিই। পরে এই নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।’
এ ঘটনার পর দুই পক্ষকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে তারা এ ধরনের ঘটনা আর ঘটাবে না এ মর্মে একটা লিখিত মুচলেকা প্রক্টর অফিসে জমা নেওয়া হয়।
এ সময় রাবি প্রক্টর তারিকুল হাসানসহ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব সেখানে উপস্থিত ছিলেন।
রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব বলেন, দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই দোষ রয়েছে। তাদের মাঝে সমঝোতা করে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে রাবি প্রক্টর তারিকুল হাসান বলেন, ঘটনায় জড়িতদের প্রক্টর অফিস এনে মীমাংসা করা দেওয়া হয়েছে। তারা আর এই ধরনের কাজ করবে না এই মর্মে তাদের কাছ থেকে একটি লিখিত জবানবন্দী নেওয়া হয়েছে।
যদি তারা আবার এ ধরনের ঘটনা ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসএইচ





