সরকার দলীয় নেতাদের দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসিসহ প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের টেন্ড থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আলমগীর সুজনের পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, কেন্দ্রীয় সংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার দলীয় গডফদাররা ভিসিকে অপমান করে বিশ্ববিদ্যালয় ৩০ হাজার শিক্ষার্থীকে অপমানিত করেছে। আজ বিশ্ববিদ্যালয়ের স্বায়িত্তশাসন হুমকির সম্মুখে, তাই আজ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে টিকিয়ে রাখতে হলে সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এ সময় বক্তরা শিক্ষক সমিতির কঠোর সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয় ভিসিকে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক সমিতি শুধু মাত্র নিন্দা জানিয়েছে, কিন্তু কোনো কর্মসূচি দেওয়া হয়নি। মনে রাখবেন, আজকে ভিসির উপর হামলা হয়েছে আগামীদিন আপনাদের উপর হামলা হবে।

বক্তরা অবিলম্বে লাঞ্ছিতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামলে সরকার দলীয় নেতারা পালানোর পথ খুজে পাবেন না।

উল্লেখ্য, নিজেদের পছন্দ মত নিয়োগ না দেওয়ায় গত বুধবার রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ভিসির দপ্তরে ঢুকে টেবিল চাপড়িয়ে হুমকি দেন। একই ভাবে বৃহস্পতিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে অনুমতি ছাড়াই ভিসির দপ্তরে ঢুকে ভিসিসহ অন্যান্য শিক্ষকদেরকে লাঞ্ছিত করে যান।

এসএইচ