রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সাবেক সভাপতি বাসুদেব পালকে মারধর করে আহত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত বাসুদেব পাল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের সিলসিলা রেস্টুরেন্টের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগকর্মী সজীবসহ কয়েকজন কর্মী।

পাশেই বিশ্ববিদ্যালয় গণশিল্পী সংস্থার কার্যালয়ে অন্য কর্মীদের সঙ্গে ছিলেন বাসুদেব পাল। বাসুদেব তার কার্যলয়ের জানালা খুলতে গেলে পাশেই বসে থাকা সজীবের গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগ কর্মী সজীব।

এ ঘটনার জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাসুদেবকে বেধড়ক মারধর করেন। পরে গণশিল্পী সংস্থার কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী সজীবের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর