চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একই গ্রুপের শরিফ উদ্দিন নামে এক কর্মীকে কুপিয়েছে আরেক কর্মী মো. আবির ড্যানিয়েল। এতে গুরুতর আহত ছাত্রলীগের ওই কর্মীকে চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। আহত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের দ্বিতীয় তলায় সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবির ড্যানিয়েল শরিফ উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আবির ড্যানিয়েলও আহত হয়। আবির ড্যানিয়েলকে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। তবে আবির কেন শরিফকে কুপিয়েছে তা কেউ জানাতে পারেনি।

জানা গেছে, দুইজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী ছাত্রলীগের ‘বিজয়’গ্রুপের কর্মী।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, তারা ছাত্রলীগের কর্মী নয়।

এ বিষয়ে জানাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় শরিফ উদ্দিনকে চমেকে পাঠনো হয়েছে। অন্যদিকে আবির ড্যানিয়েলকে চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমকি চিকিৎসা দিয়ে হাটহাজারী মডেল থানায় পাঠানো হয়েছে।

তারা ছাত্রলীগ কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, শুনেছি তারা দুজনই ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী।

এমই