বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ৩৬ ঘণ্টা পর নিজ কার্যালয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি (উপাচার্য) অধ্যাপক সাইফুল ইসলাম।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকালে ভিসি কার্যালয়ে প্রোভোস্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন তিনি। এরপর শিক্ষার্থীরা তার কক্ষে তালা মেরে কার্যালয়ের সামনে বিক্ষোভ-অবরোধ পালন করছেন।

ভিসির পিএস (একান্ত সচিব) কামরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন নিরসনের জন্য বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে ভিসি স্যার বৈঠকে বসেছেন।

কামরুল ইসলাম বলেন, সেখানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। কীভাবে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরিয়ে এনে বুয়েটের চলমান পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই সভার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে ভিসি স্যারের বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেছেন, আমরা চাই আন্দোলনের মাঝে ভিসি স্যার এসে আমাদের দাবি-দাওয়াগুলো কীভাবে মানবেন ও বাস্তবায়ন করবেন সে বিষয়গুলো বলবেন।

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসিসহ ৮ দফা দাবিতে আজ  মঙ্গলবার (০৮ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ভিসিকে বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসে এসে জবাবদিহিতার দাবি জানিয়েছেন।

 

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন।

 

এমবি