শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশের ওপর হামলার ঘটনায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করে নেতা-কর্মীরা। একইসঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দফায় দফায় মিছিল করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ রয়েছে।
এর আগে বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মা-মনি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ নেতা উত্তম কুমারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
আহত উত্তম কুমার শাবির সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা অলক কুমার দাসের ছেলে।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন।
হামলার ঘটনায় ছাত্রশিবির নেতা-কর্মীদের আসামি করে জালালাবাদ থানায় একটি মামলায় দায়ের হয়েছে বলেও জানা গেছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





