রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের রহস্যজনক হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচী পালন করে।

পরে একটি পথযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগের সামনে এসে শেষ হয়।

বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও যমুনা টেলিভিশনের বগুড়ার ব্যুরো মেহেরুল সুজনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. প্রদীপ কুমার পান্ডে, ড. মুসতাক আহমেদ, শাতিল সিরাজ (শুভ), মোজাম্মেল হোসেন বকুল, মাহবুবুর রহমান রাসেল , সিফাতের সহপাঠী ও মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানীসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

এসময় বক্তারা বলেন, যৌতুকের দাবিতে সিফাতের শশুর বাড়ির লোকজন তাকে নির্মম নির্যাতন করে হত্যা করে আত্ম-হত্যার নাটক সাজিয়েছে। কিন্তু তার শরীরের বিভিন্ন ক্ষত চিহ্ন তার হত্যার প্রমাণ দিচ্ছে। আমরা পুলিশ প্রশানের নিকট আহ্বান জানাচ্ছি তারা যেন সঠিক তদন্ত করে এই হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনে।

এরই মধ্যে তার স্বামী আসিফকে গ্রেফতার করা হয়েছে। অতিশীঘ্র তার শশুর- শাশুড়ীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করারও আহ্বান জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও যথাযথ শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় শশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যায় সিফাত। তার শশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তাকে হত্যা করেছে তার শশুরবাড়ির লোকজন।

এমকে