আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন সাধারণ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এস এম আব্দুল্লাহ রনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন সাতকরা রেস্টুরেন্টে ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থী আব্দুল্লাহ রনি গুলিবিদ্ধ হন। তবে রনি কোন পক্ষের সমর্থকদের গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা সম্পর্কে খোঁজ নিয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম না। তবে ঘটনা শুনেছি। পাঁচটি গুলি করার খবর পেয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে। প্রয়োজনে পুলিশ বাড়ানো হবে। এদিকে এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

জেড