রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চার ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও ছাত্রলীগের কর্মী হিমেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, এই চারজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ নেওয়ার সময় শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্রলীগের পাঁচ নেতাসহ সাতজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে থেকে ফরহাদকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পরে মুক্তিপণের টাকা দেওয়ার নামে ফাঁদ পেতে গতকাল বেলা আড়াইটার দিকে সাতজনকে আটক এবং অপহূত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
মুক্তিপণ নিতে গিয়ে ছাত্রলীগের পাঁচ নেতাসহ সাতজন আটক।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]