ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক হওয়া ঢাবির সেই দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ওই দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিষয়টি শৃঙ্খলা পরিষদের আগামী সভায় উপস্থাপিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ক্ষুণ্নকারী এবং শৃঙ্খলা ও আইনের পরিপন্থি এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে (মামলা নং-১৫, তারিখ- ৯-২-২০১৫)।
উল্লেখ্য, সোমবার সকালে মো. শাহাদাত নাসির (শুভ) ও হাসানুর রহমান হাসান নামের দুই শিক্ষার্থী ঢাকা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ধরা পড়েন। পরে র্যাব সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যায়।
শুভ পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও হাসান আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
জেডআই





