ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশ থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার সকালে বসছে বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলের বিশেষ সভা।
সোমবার বিকালে করোনার কারণে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো মার্চ থেকে সাবার জন্য খুলে দেওয়ার দাবিতে রাজু ভাস্কর্যে পাদদেশে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’, ‘হল সব খুলতে হবে, নইলে তালা ভাঙতে হবে’, ‘ভিসি স্যার টিকা দিন, হলের তালা খুলে দিন' প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশ থেকে আন্দোলনকারীদের মুখপাত্র জুনাইদ হুসেইন খান বলেন, সেশনজট যাতে আর দীর্ঘায়িত না হয়, সেজন্য মার্চ থেকেই হল খুলে দিতে হবে। আমরা মার্চ থেকে হলে উঠতে চাই। করোনার কোনো আতঙ্ক আমাদের এখন নেই। প্রশাসন বসে একটি সিদ্ধান্ত নিক। আমরা ২৪ বা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি না, কারণ প্রশাসনিক অনেক বিষয় আছে। ৭২ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে মার্চে হল খোলার বিষয়ে লিখিতভাবে নোটিশ দিতে হবে।
সমাবেশ শেষে এই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করে।
এমআর





