বরিশালের আগৈলঝাড়ায় কলেজের ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কলেজের ভিপি, জিএস, এজিএস ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েছেন।
বুধবার (২১ জুন)দুপুরে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ভর্তির ঘটনা নিয়ে বুধবার দুপুরে কলেজ ছাত্রসংসদের সমাজ কল্যাণ সম্পাদক বায়েজিদ হোসেন ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানজুর সেরনিয়াবাতের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনা শুনে কলেজ ভিপি রাজিব ঘটক ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করে বিক্ষিপ্ত ছাত্রলীগ কর্মীরা।
পরে ভর্তির ব্যাপারে কলেজে গেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বি হাওলাদারের ওপর হামলা করে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর পাইক রাব্বি। কলেজে সংঘর্ষের ঘটনা শুনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক ঘটনাস্থলে গেলে তার উপরও বিক্ষিপ্ত ছাত্রলীগ কর্মীরা হামলা করে।
এসময় কলেজ ভিপি রাজীব ঘটক ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানজুর সেরনিয়াবাদ গ্রুপে বিভক্ত হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ভিপি রাজিব ঘটক, জিএস সজিব মান্নান, এজিএস ইমরান খলিফা, কলেজ ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রাহাত ফকির, সাংগঠনিক সম্পাদক মানজুর সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা সুমন মোল্লা, বাকাল ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মনির পাইকসহ ১৫ জন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
এমই





