রাজধানীর ঝিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে সবশেষ প্রাপ্ত খবরে জানা যায়।  সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ছাত্রলীগের হামলার সময় পথচারি ও সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ক্যামেরা কেড়ে নেয়া হয়, মোবাইল ছিনিয়ে নেয়া হয়। অনেককে মারধর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে ধানমন্ডি-৩ নম্বরের দিকে এগুতে থাকে। শিক্ষার্থীদের নিবৃত্ত করার জন্য ধানমণ্ডি কার্যালয়ে থাকা আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ধাওয়া দেয়। ওই সময় শিক্ষার্থীরা পিছিয়ে এসে সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়।

এরপর শিক্ষার্থীরা জড়ো হয়ে নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে পড়ে। সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।

এছাড়া রাজধানীর অন্যান্য জায়গা বিশেষ করে মিরপুর ও যাত্রাবাড়িতে ছাত্রলীগ-আ.লীগের সদস্যদের টহলরত অবস্থায় দেখা গেছে। যেকোনো পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেড/এমবি