জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান পারভেজকে ফোন করে পরিবারের এক সদস্যকে চাঁদার দাবিতে অপহরণের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। থানায় জিডি করার পর আজ মঙ্গলবার দুপুরে পুনরায় তাকে একই মুঠোফোনের নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে আইএসসহ বিভিন্ন পরিচয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৬ জন শিক্ষককে হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় মতিহার থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সব হুমকির ঘটনা পুলিশকে লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
হুমকির বিষয়ে অধ্যাপক হাসান পারভেজ সাধারণ ডায়েরিতে উল্লেখ করে বলেছেন, সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে একটি মুঠোফোন নম্বর (০১৮২০১৪৩৯৪৪) জেএমবি পরিচয়ে একটি ফোন করা হয়। ওই ফোনে আমার পরিবারের যেকোনো একজন সদস্যকে অপহরণের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে দর-কষাকষির একপর্যায়ে ১০হাজার টাকা দিতে বলে। আমি বলেছি, আমার কাছে আজ টাকা নেই, আগামীকাল (মঙ্গলবার) দিব।’
তিনি আরও বলেছেন, ‘টাকা কোথায় দিতে হবে তা আগামীকাল (মঙ্গলবার) জানাবে। তারা আনুমানিক বেলা ১১টায় টাকা দিতে বলেছে।’
এরপর আজ মঙ্গলবার দুপুরে পুনরায় হুমকি দিয়ে বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আবারও একই মুঠোফোন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়। আমি তাদের সামনে এসে টাকা নিয়ে যেতে বললে তারা বিভিন্ন কথা বলে ফোন রেখে দেন।’
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান পারভেজ জিডির একটি কপি প্রক্টর দপ্তরেও জমা দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।’
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাকে হুমকি দিয়েছে, জেএমবি কি না তা জানিনা। তিনি জিডি উল্লেখ করেছেন, মোবাইল ফোনে ফোন করে চাঁদা দাবি করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমএম





