সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে পাহাড়ি ম্রো সম্প্রদায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন ও আলীকদম সেনাজোনের সহায়তায় শনিবার দুপুরে এই সংবর্ধনা দেয়া হয়।

আয়োজকরা জানায়, ২০১৪ সালের এসএসসি, এইচএসসি, ডিগ্রি ও অনার্স কোর্সে উত্তীর্ণ জেলার ৬০ কৃতী ম্রো শিক্ষার্থীদের ক্রেস্ট, টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আলীকদম সেনাজোনের অধিনায়ক মেজর আল-আমীন, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পার্বত্য জেলা পরিষদ সদস্য অংপ্রু ম্রো, সুয়ালক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাংলাই ম্রো, গবেষক সিংয়ই ম্রো, ম্রো ছাত্র অ্যাসোসিয়েশনের সভাপতি ছিংপাত ম্রো উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ বলেন, পাহাড়ের অবহেলিত জনগোষ্ঠীর মেধার বিকাশে সরকার চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় অর্জিত শিক্ষার জ্ঞান ও মেধা তাদের কর্মময় জীবনে কাজে লাগাতে হবে। সম্প্রীতির বান্দরবানের মাটি ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ