ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের এক কর্মীকে মারধর করেছে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মীরা।
বৃহস্পতিবার (২৫মে) রাত সাড়ে দশটার দিকে সাদ্দাম হোসেন হল মাঠে মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই কর্মীর নাম আব্দুল হাফিজ। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
আব্দুল হাফিজ জানান, রাত ৯টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মী হিমেল চাকমা তাকে ফোন দিয়ে সাদ্দাম হল মাঠে ডাকেন। সেখানে গেলে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান অনিক, বিপুল, একই বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সুদিপ্ত, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর সেখানে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নুরুজ্জামান সাগরসহ আরও কয়েকজন উপস্থিতি হলে সবাই মিলে তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে অনিক ও বিপুল তাকে টানতে টানতে বিশ্ববিদ্যালয়ের পেয়াঁরা বাগানের দিকে নিয়ে যায়। এসময় তারা এ ঘটনা গোপন রাখতে বলে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও জানান, মারধর করে চলে যাওয়ার ঘণ্টাখানেক পর বিপুল তাকে ফোন দিয়ে ঘটনাটি গোপন রাখার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়।
ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হাফিজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন মারধরের বিষয়টি তিনি জানেন না এবং কোনো ধরনের লিখিত অভিযোগ তার কাছে আসেনি।





