সকল ইবতেদায়ী মাদ্রাসা জাকতীয়করণসহ নয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিক্ষক সোসাইটির সভাপতি হাফেজ মাওলানা আলি আজম সিকদার, মহাসচিব ইকবাল হোসেন খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে সভাপতি আলি আজম বলেন, ইবতেদায়ী মাদ্রাসার পূর্ব নাম ছিল ফোরকানিয়া মাদ্রাসা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালে স্বায়ত্বশাসিত মাদ্রাসা বোর্ড গঠন করা হলে এর নাম হয় ইবতেদায়ী মাদ্রাসা। বাংলাদেশে সব মিলিয়ে ১৬ হাজারের মত ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এখানে প্রায় ২ লাখ শিক্ষক শিক্ষিকা রয়েছেন।
তিনি বলেন, আমরা শিক্ষক সোসাইটির পক্ষ থেকে নয় দফা দাবি করছি। দাবি গুলো হলো প্রাথমিক শিক্ষা অধিদফতরের ন্যায় ইবতেদায়ী মাদ্রাসা অধিদফতর গঠন করতে হবে, পিটিআইয়ের ন্যায় ইবতেদায়ী টিচার্স ট্রেনিং ইন্সিটিটিউট গঠন করতে হবে, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করতে হবে, প্রত্যেক মাদ্রাসায় ৫ জন শিক্ষক ও একজন দফতরি পদ সৃষ্টি করতে হবে, শিক্ষা উপকরন দিতে হবে এছাড়াও নতুন ভবন মঞ্জুরি ও প্রাইমারী শিক্ষকদের ন্যায় বেতন স্কেল গঠন করতে হবে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





