নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ২ মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
২ দিনের রিমান্ড শেষে আজ (০৯ আগস্ট) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ছাত্রদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন উপস্থাপন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় ছাত্রদের অভিভাবকেরা আদালতের এজলাসে ভিড় করেন। ছাত্রদের রাখা হয়েছিল আদালতের হাজতখানায়। বিকেলে তাঁদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় অভিভাবকদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা ২টি মামলায় গ্রেফতার আসামিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইষ্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাকের ছাত্র। এর মধ্যে, বাড্ডা থানা-পুলিশ ১৪ ও ভাটারা থানা-পুলিশ ৮ ছাত্রকে গ্রেপ্তার করে।
বাড্ডার মামলায় গ্রেফতার ১৪ ছাত্র হলেন- রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
আর ভাটারা থানার মামলায় গ্রেফতার ছাত্ররা হলেন- আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান।
মঙ্গলবার (০৭ আগস্ট) তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তাদের প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। ওই দিন তাদের আইনজীবীরা অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর ছাত্রদের নির্যাতন করা হয়েছে।
বাড্ডা থানা-পুলিশ ১৪ ছাত্রের ব্যাপারে আদালতকে জানিয়েছে, আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের নাম ও ঠিকানা দিয়েছেন। মামলার ঘটনার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এসব আসামিকে গ্রেফতার করার পর ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।
অপরদিকে গ্রেফতার ৮ ছাত্রের ব্যাপারে ভাটারা থানা-পুলিশ আদালতের কাছে দাবি করে, গ্রেফতার আসামিরা পুলিশের ওপর হামলা করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
ছাত্রদের জামিন না দিতে উভয় থানা-পুলিশই আদালতকে বলে, মামলার তদন্তের জন্য পুনরায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে।
গত সোমবার (০৬ আগস্ট) আফতাব নগর ও বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগত যুবকদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেদিন বহিরাগত যুবকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যদিও তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।
এমবি





