ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকাস্থ প্রবেশ মুখে নির্মিত হবে 'মুক্তি ও গণতন্ত্র' নামক তোরণ। মোঘল স্থাপত্য কৌশলে নির্মিতব্য এই তোরণটি দৈর্ঘ্যে ৯৯ ফুট,প্রস্থে ১৩ ফুট এবং উচ্চতা হবে ৩৭ ফুট।
তোরণটি নির্মাণ করতে প্রায় ১ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করবে এনসিসি ব্যাংক।
বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন  (ডিইউএএ) এবং ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে। অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন কক্ষে এই সমঝোতা চুক্তি সই হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাকিবউদ্দিন আহমেদ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ,প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]