ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভিসির অভ্যর্থনা কক্ষে ভাঙচুর করেছে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা এ ঘটনা ঘটায়। ভাঙচুরের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সব কার্যক্রম ৩১ মার্চ সম্পন্ন হওয়ার পরও বিভিন্ন বিভাগে কিছু আসন খালি থেকে যায়। ওই খালি আসনগুলোতে নতুন করে আরও শিক্ষার্থী ভর্তির দাবি জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু ৩১ মার্চ ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ায় নতুন করে আর ভর্তি নেয়ার কোন সুযোগ নেই বলে জানিয়ে দেয় প্রশাসন ও ভর্তি কমিটি।
এ বিষয়ে শনিবার পুনরায় ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারের সঙ্গে কথা বলতে আসে ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টায়  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খানের নেতৃত্বে বর্তমান ছাত্রলীগের আহবায়ক কমিটির নেতাকর্মী ও স্থানীয়রা ভিসি অফিসে আসে।
কিন্তু এসময় ভিসি অফিসে প্রো-ভিসিসহ ডিনদের নিয়ে একটি মিটিং চলমান থাকায় ভিসির পিএস জিল্লুর রহমান তাদের একটু অপেক্ষা করতে বলেন। এতে ক্ষুদ্ধ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী সোহেল, লিটন, মোস্তফা ভিসির অভ্যর্থনা কক্ষে ভাঙচুর শুরু করেন। ভাঙচুর শেষে দুপুর ১টায় নেতাকর্মীরা যার যার মতো চলে যান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দীনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর ড. রহুল কে এম সালেহ, প্রফেসর ড. মহবুবুল আরেফিন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]