রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

আজ (রোববার) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে দাঁড়ানোর সময় এই হামলা চালায় ছাত্রলীগ নেতারা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ৫০ জন ব্যানার কেড়ে নেয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে তাঁরা। এরপর সোয়া ১১টার দিকে আবারও দাঁড়াতে চাইলে পুনরায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম বলেন, ‘আমরা প্রায় দেড়শ জন মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ধাওয়া করা হয়। এ সময় আমাদের পাঁচ-ছয়জন আন্দোলনকারীকে মারধর করেন।

তবে ধাওয়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, “আমরা কাউকে ধাওয়া দিইনি। স্বাভাবিকভাবে ক্যাম্পাসে শোডাউন দিয়েছি। যারা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখে না, তাদের ছাড় দেওয়া হবে না।”

একই দাবিতে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।    

এমবি