ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য উন্মুক্ত করা হয়েছে। সিট বরাদ্দ ও আবাসনের ক্ষেত্রে আগামী ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এজেএম শফিউল আলম ভূঁইয়া।

প্রাধ্যক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক হাজার ছাত্রের ধারণক্ষমতা সম্পন্ন ঢাবির বিজয় একাত্তর হলে বর্তমানে ১৩শ' ছাত্র অবস্থান করছেন। যাদের সবাই মুসলিম সম্প্রদায়ের। আগামী শিক্ষাবর্ষ থেকে যেকোনো ধর্ম ও সম্প্রদায়ের ছাত্ররা এতে আবাসিকতার জন্য আবেদন করতে পারবে। এরপর মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেয়া হবে। এক্ষেত্রে কোনো ধরণের সাম্প্রদায়িবক বিভাজন থাকবে না।

সিন্ডিকেটের সিদ্ধান্তবে স্বাগত জানিয়ে ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করার লক্ষ্যে শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল নির্মিত হয়েছে। কিন্তু এই মুহুর্তে হলে শুধু মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীরা রয়েছে। মুক্তিযুদ্ধে সকল সম্প্রদায়ের মানুষের আত্মোৎসর্গের কথা স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকা উচিত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য নির্মিত সব হলের মধ্যে শুধু জগন্নাথ হলে অমুসলিম ছাত্ররা আবাসন সুবিধা পেয়ে থাকে। বাকীগুলোতে আবাসন সুবিধা পায় মুসলিম ছাত্ররা। তবে মেয়েদের হলগুলোতে এ ধরনের কোনো নিয়ম নেই।

কেএইচ