মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ রোববার।

দুপুর একটায় স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য জানান।

মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তির জন্য গত শুক্রবার সারা দেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

কেএইচ