রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত এক কর্মীর হামলায় সৈয়দ আমীর আলী হলের নতুন কমিটির সভাপতি আহত হয়েছেন।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী ও শাহ মখদুম হলের কমিটি ঘোষণার পর এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সজল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্রলীগের কয়েক নেতাকর্মী ও হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৈয়দ আমীর আলী ও শাহ মখদুম হলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমীর আলী হলের সভাপতি নাজমুল ইসলাম সজল, সহ-সভাপতি মারুফ হাসান নয়ন, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে তারিকুর রহমান বাবুকে।
এ ছাড়া শাহ মখদুম হলে সভাপতি আরিফ বিন জহির, সহ-সভাপতি রেজওয়ানুল হক হৃদয়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক (১) সৌমিক সারওয়ার সম্র্রাট ও সাংঠনিক সম্পাদক (২) করা হয়েছে তন্ময়কে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব স্বাক্ষরিত কমিটির তালিকা হলে পৌঁছলে পদবঞ্চিতরা নতুন কমিটিকে গ্রহণ না করে উত্তেজনার সৃষ্টি করেন।
এ সময় সৈয়দ আমীর আলী হল ছাত্রলীগের নতুন সভাপতি নাজমুল ইসলাম সজল হল থেকে বের হলে তাকে হামলা করে সাধারণ সম্পাদক পদবঞ্চিত কর্মী জুবায়ের আহমেদ পুলক। পুলক ও তার সহযোগীদের হামলায় সজলের মাথা ফেটে যায়। পরে হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে এ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই দুই হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, খবর পেয়ে আমি নিজে হলে গিয়ে নেতাকর্মীদের শান্ত করেছি। হামলাকারী পুলক নিজেকে ছাত্রলীগ পরিচয় দিলেও সে আসলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাই তাকে পদ দেওয়া হয়নি।
জেআই





