শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গী, দেশ ও বিশ্বকে নেতৃত্ব দেয়ার মতো জ্ঞান, দক্ষতা ও অন্তর্দৃষ্টি অর্জন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে লব্ধ জ্ঞান কর্মজীবনে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ৭ম কনভোকেশনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে যাতে সারা বিশ্বে সমাদৃত হয়।
বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞানের অনুসন্ধানের পরিবেশ জোরদার করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিশ্বপ্রেক্ষিত ও প্রযুক্তির উৎকর্ষতা বিবেচনায় রেখে নতুন নতুন বিষয় সংযুক্তি, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি যুগোপযোগী করতে হবে।
তিনি আরও বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্তাদি পূরণ করতে সফল হয়নি, শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে কনভোকেশনে কনভোকেশন বক্তা প্রফেসর এ্যামিরেটাস ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বক্তৃতা করেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]