অনলাইনের মাধ্যমে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সশরীরেই হবে। পাশাপাশি নম্বর বিভাজনেও আনা হচ্ছে পরিবর্তন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনলাইনে নাকি সরাসরি নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান বলেন, “ডিনস কমিটির সভায় রিটেন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাটি হবে ১০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে টোয়েন্টি পার্সেন্ট। ৮০-এর মধ্যে দিতে হবে এমসিকিউ ৩০ এবং রিটেন ৫০।”

তিনি বলেন, “পরীক্ষা আসলে বিভাগে হবে না। বিভাগওয়াইজ সেন্ট্রালাইজড করা হবে। কোনো বিভাগে যদি ২০০ বা ১০০ পরীক্ষার্থী থাকে, সেটা নিয়ে আবার চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তিকে রিডিউস করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তিচ্ছুদের পার্টিকুলারলি এমসিকিউ এবং ন্যারেটিভের ওপর গুরুত্ব দেয়া হবে।”

পরীক্ষার তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এইচএসসির ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষার তারিখও ওই সময় ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে বিভাগীয় বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পরীক্ষার হল দেয়া হবে।”

এমবি