শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা উত্তম কুমার দাসের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন তপোবন খুলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- শাবিপ্রবি’র ফুড ও টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জিয়াউল হক জিয়া এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাউসার। জিয়া চট্টগ্রামের মিরসরাইয়ের তাজুল হকের ছেলে এবং কাউসার কুমিল্লার চান্দিনা উপজেলার আশরাফের ছেলে।
জালালাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তার হোসেন জানান, জিয়া গত ২৬ জানুয়ারি শাবিতে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, গত বুধবার রাতে শাবির প্রধান ফটকে ছাত্রলীগ নেতা উত্তর কুমার দাসের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার দেখানো হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত শিবির কর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এর আগে এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরেক শিবিরকর্মী জাবেদকে গ্রেফতার করা হয়।
গত বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মা-মণি রেস্টুরেন্টে দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগ নেতা উত্তর কুমার দাস। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাবি’র রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে শিবির নেতা জাবেদসহ অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





