বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা ও ৪২ তম ব্যাচের ছাত্র নাসিম আহত হয়েছেন।

সোমবার রাত ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে কলেজ ছাত্রলীগের ইমরান ও সেতু গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় রাত ১২টায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নয়ন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, তুচ্ছ ঘটনার জের ধরে রাত ১২টার দিকে জামিলুর রহমান ছাত্রবাসের সামনে ৪২ তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগ নেতা ইমরান ও সেতুর উপস্থিতিতে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নাসিম নামে একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রদের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়।

ইন্টার্নি চিকি‍ৎসক পরিষদের সভাপতি ও কলেজ ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক প্রিন্স মজুমদার জানান, নাসিমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এটি তাদের অভ্যন্তরীণ ঘটনা। এ ঘটনা মীমাংসার জন্য বিকেলে আলোচনায় বসার কথা রয়েছে।

এদিকে, ফের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ