মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতার ছড়া-কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের ২২৯ নং কক্ষে এই আবৃতির আসর অনুষ্ঠিত হয়।

শীলন সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোহনার সম্পাদক, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সেনাকর্মকর্তা কবি সাবের রাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মতিউর রহমান ও নির্ঝর সম্পাদক কবি ওয়াহিদ জামান প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন, সময় এখন সামনে যাবার। আধুনিক সমাজে সাহিত্য এখন স্তুতিকাব্যে সীমাবদ্ধ থাকছে না। মানব সমস্যার খোলামেলা সমাধানে এগিয়ে এসেছে সাহিত্য। মানবজীবনের একান্ত বিষয়গুলোকে নান্দনিকতার সাথে পাঠক সমাজে উপস্থাপন করাই এখন বিশ্বসাহিত্যের নতুন আঙ্গিক। দ্রোহ, অধিকার, মানবিক সংকট সব কিছু এখন সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয়। স্বাধীনতা মানে মাথা উঁচু করে দাঁড়ানো। এ জন্য সময়ের সাথে তাল মিলিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিমূর্ততার নামে আরোপিত দূর্বোদ্ধতা সাহিত্যের প্রতি পাঠকঅনীহা সৃষ্টি করছে। তাই অযথা দূর্বোদ্ধতা থেকে দূরে থাকার জন্য তরুণ লেখকদের প্রতি বক্তাগণ উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ ছড়া-কবিতা পাঠ করেন কবি মাহমুদ রনি, কবি রাফি আহমেদ, কবি নাবিউল হাসান, কবি শরিফ জামিল, কবি আহসান জামির, কবি হাসান তানভীর, সাফওয়ান সামাদ, কামরুজ্জামান, মুহাম্মদ লিয়াকত, মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

কেএইচ