বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।
বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এইসব তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে কুর্মিটোলায় ১ জনের, ঢামেকে ১ জনের, বনানীর একটি ক্লিনিকে ১ জনের, অ্যাপোলো হাসপাতালে ১ জনের এবং ইউনাইটডে হাসপাতালে ৩ জনের লাশ রয়েছে।
ঢাকা মেডিকেলে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার জানান, আগুনে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যাওয়া এক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক (৩২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএ করছিলেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতকে ভর্তি হন ২০১০-১১ শিক্ষাবর্ষে।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আব্দুল্লাহ আল ফারুকের শরীর ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ অবস্থায় তমালসহ ৫ জনকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ভবনটিতে অনেকেই আটকে পড়ে। এদিকে আটকে পড়াদের উদ্ধার করতে অংশ নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। আটকে পড়াদের এয়ার লিপ্টের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে।
এছাড়াও আটকে পড়াদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। রয়েছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





