ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (১৩ এপ্রিল) মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। দুপুরে আদালতে পাঠানোর তথ্য জানিয়েছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিশু বিশ্বাস।

তিনি বলেন, “গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ ৭দিনের রিমান্ড আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে জানতে চাওয়া হলে মিশু বিশ্বাস বলেন, “পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেফতার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় শাহবাগ থানায় করা মামলার প্রধান আসামি আখতার।”

গতকাল (মঙ্গলবার) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে আখতার হোসেনকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তাঁর সঙ্গে থাকা পরিষদের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাকি বলেন, “মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টিএসসির ভাসমান দোকানদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরে চানখারপুলের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার উপ-পরিদর্শক রইস উদ্দিন আখতার হোসেনকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।”

এমবি