সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনকারী নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার আধা-ঘণ্টার মতো অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান করেন তারা।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধব করার জন্য জড়ো হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ও কৃষিবিষয়ক সম্পাদক বরকত হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জন তাদের বাধা দেন। তবে বাধা উপেক্ষা করেই তারা মানববন্ধন করেন।
মানববন্ধনে পুরোটা সময় মৌনভাবে দাঁড়িয়ে থাকলেও শক্ত কথা বলেছে তাদের হাতের প্লা-কার্ডগুলো।
শিক্ষার্থীদের হাতের প্লা-কার্ডে লেখা, নুরুর ওপর হামলাকারীদের শাস্তি চাই। আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
আর শিক্ষকদের হাতের প্লা-কার্ডে লেখা, আমাদের ছাত্র আমাদের সন্তান, এদের নিরাপত্তা আমাদের দায়িত্ব।
পরে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিন সিরাজ মাহবুব সাংবাদিকদের বলেন, ‘আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ করার জন্য এখানে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘এখানে ছাত্র-শিক্ষক কেউ নিরাপদ নন। একটু আগে ছাত্র নামক একদল ছাত্র এসেছেন। তারা আমাদের নানা ধরনের হুমকি দিয়েছেন। আমাদের সামনে আমাদের ছাত্রদের হুমকি দিয়েছে। আমাদের বিভিন্ন দলের বলে চাকরি খেয়ে নেয়ার হুমকি দিয়েছে।’
অধ্যাপক তাসনিন সিরাজ মাহবুব আরও বলেন, ‘আমাদের হুমকি দিয়ে বলা হয়েছে, ছবি তুলে রাখা হয়েছে, প্রক্টরকে দেখানো হবে। ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে। কিন্তু, আমরা এসব পরোয়া করি না। অন্যায়ের প্রতিবাদ অব্যাহত থাকবে।’
এ সময় অপরাজেয় বাংলার পেছনে ও পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা মানববন্ধনের নামে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ করেন।





