২০০৯-১০ শিক্ষাবর্ষের ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বরিশালে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

বিএম কলেজের সামনের সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বস দিলে আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী লিজা আক্তার জানান, যেসব শিক্ষার্থী তৃতীয় বর্ষে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবেন একই দিনে তাদের চতুর্থ বর্ষের পরীক্ষাও থাকবে। চতুর্থ বর্ষের বই তারা পেয়েছেন চার মাস আগে। এতে করে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয় বলে তারা পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানাচ্ছে।

বিএম কলেজ অধ্যক্ষ মো. ফজলুল হক জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে ২০১৮ সালের মধ্যে সেশনজট মুক্ত করতে। এ জন্য পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে তারা সয়সূচি দিয়েছেন। একই দিনে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি হওয়াতে পরীক্ষার্থীদের সমস্যা হবে। বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

এমকে