ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘এশিয়ার বৃহত্তম ই-লাইব্রেরি’প্রতিষ্ঠা করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই লাইব্রেরির উদ্বোধন করেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।

অত্যাধুনিক ই-লাইব্রেরি সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের মুক্ত থাকতে হবে। এ সুবিধা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় এমন মানবসম্পদ তৈরি করতে পারবে, যারা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। দেশে প্রথমবারের মতো নেওয়া এমন একটি উদ্যোগের ফলে শিক্ষার জগতে ব্যবসায় শিক্ষা অনুষদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন উচ্চতায় উন্নীত হল।

বৃহৎ এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানোর জন্য রবিকে এবং সফলভাবে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ব্যবসায় প্রশাসনের ডিন ও শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

উপাচার্য শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর একটি উপদেশ উদ্ধৃত করে বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই শ্রেষ্ঠ বিনিয়োগ’।

এ রকম একটি মহতি উদ্যোগের সাথে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য ঢাবিকে ধন্যবাদ জানিয়ে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, তরুণদের আপন শক্তিতে জ্বলে ওঠার জন্য সহায়ক এমন কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য রবি সবসময়ই আগ্রহী। এভাবে ভবিষ্যৎ নেতৃত্ব বিনির্মাণে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ই-লাইব্রেরির মাধ্যমে অনুষদ এমন দক্ষ ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হবে, যারা এই ডিজিটাল যুগের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হবেন।

প্রসঙ্গত, রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক সহযোগিতা এবং ডেল, ওরিয়ন গ্রুপ ও লজিক সফটওয়্যারের কারিগরি সহায়তায় বিজনেস স্টাডিজ অনুষদে ই-লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্বের ৩৫টি খ্যাতিমান লাইব্রেরি এবং প্রকাশনা সংস্থার সঙ্গে এই অত্যাধুনিক ই-লাইব্রেরি সংযুক্ত করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ৬ হাজার ৯২ জন শিক্ষার্থী ও ২০৮ জন শিক্ষক সরাসরি এই লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে ঢাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের লাইব্রেরির বই, জার্নাল, গবেষণাপত্র ও প্রবন্ধ পড়তে পারবেন।

কেএইচ