ফটোগ্রাফির মাধ্যমে ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ফটোগ্রাফিতে আগ্রহীদেরকে নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফটোগ্রাফিক ক্লাব।

মঙ্গলবার বিকালে এক আনুষ্ঠানিক ফটোওয়াকের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। এতে ২৫ জনেরও অধিক ফটোম্যানিয়াক অংশগ্রহণ করে।

বিকাল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্মৃতি সৌধ থেকে শুরু হওয়া এই ফটোওয়াক শেষ হয় প্যারিস রোডে গিয়ে। এর মাঝে তরুণ ফটোগ্রাফাররা স্মৃতি সৌধ, শের-ই-বাংলা হল, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, প্রশাসন ভবন, মেইন গেইট, সিনেট ভবন এবং সাবাস বাংলাদেশ প্রদক্ষিণ করেন।

অংগ্রহনকারী সুস্মিতা মিরা বলেন, ‘ফটোওয়াকের মজা অনেক। দলবেঁধে ইচ্ছামত ফটো তুলে বেড়ানো। সাথে থাকতে চাই এমন উদ্যোগের।'

এপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম রকি বলেন, 'উইকিপিডিয়াসহ অনেক জায়গায় লেখালেখি করার অভ্যাস। কিন্তু রাবিকে নিয়ে লেখার সময় ভাল ফটো আপ্লোড করতে পারিনা। আশা করি এইবার সেই দিনের অবসান ঘটবে।'

ফটোওয়াকের আহ্বায়ক সাজ্জাদ হোসেন জানান ‘শখের বশে, মজা করতেই ফটো তুলি। আর রাবিতো অনেক সুন্দর। একে নিয়ে ফটোগ্রাফি না হলে আর কাকে নিয়ে হবে!’

এখন থেকে নিয়মিত এমন ফটোওয়াকের আয়োজন করা হবে বলে জানান ক্লাবের সংগঠক নাসির উদ্দিন এবং সালেহ রোকন।

কেএইচ