প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বুধবার দেশের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষা থেকে বিরতি থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথক নোটিশের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এরই মধ্যে বুধবারের ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সরকারি সাধারণ ছুটির তালিকায় কোনো ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত। শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকায় দিনটি অন্তর্ভুক্ত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এ দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা আয়োজন হয়ে থাকে। অনেক জায়গায় দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।

ফলে সাধারণ সরকারি ছুটি না হলেও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য থাকবে পূর্ণ ছুটির দিন। পরদিন বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

এমএম