বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয়।
সরেজমিনে দেখা গেছে, পুলিশ সদস্য এবং শিক্ষকরা মুখোমুখি অবস্থান করছেন। রাখা হয়েছে জলকামান এবং রায়েট কার। আর শিক্ষা ভবন মোড়ে সড়ক আটকে দিয়েছে পুলিশ।
সড়কে শিক্ষকদের অবস্থানের কারণে পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে গত সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান ধর্মঘট থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ঘোষণা দেন— সরকার তাদের দাবি না মানলে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
শিক্ষকরা দাবি করেছেন, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
এনএইচ