রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের উত্তেজনা দেখা দিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর রুয়েটের ছাত্ররা ক্রিকেট খেলার জন্য বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে স্ট্যাম্প বসায়। কিছুক্ষণ পরে বহিরাগত কয়েকজন যুবক এসে জানায় তারা ওই মাঠে ক্রিকেট খেলতে চায়।
তাই তারা রুয়েট শিক্ষার্থীদের স্ট্যাম্প উঠিয়ে নিতে বলে। এনিয়ে এক পর্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বহিরাগতরা রুয়েট শিক্ষার্থীদের হুমকি দিয়ে বলে ক্যাম্পাসের বাইরে গেলে তাদের পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হবে।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা রুয়েটের ভিসি রফিকুল আলম বেগের নিকট অভিযোগ জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হলে খেলার মাঠে পুলিশ মোতায়েন করা হয়। উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এসএইচ





