পরবর্তী দিনও সড়কে নামার ঘোষণা দিয়ে দিনভর অবরোধ কর্মসূচির ইতি টেনেছে ভ্যাটবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবারের পর রোববারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের অবরোধে স্থবির হয়ে পড়েছিল রাজধানীর সড়কগুলো, যাতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে।
সকাল থেকে সড়ক অবরোধের পর বিকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় অবস্থানরত বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সামির সাকলাইন মাইকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে সোমবার সকাল ৯টায় পুনরায় সবাইকে একই স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “ভ্যাট প্রত্যাহারের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না করা পর্যন্ত আন্দোলন চলবে।”
বিকালে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পরপরই আব্দুল্লাহপুরের দিকে কয়েক ঘন্টা ধরে আটকে থাকা যানবাহনগুলো চলতে শুরু করে।
উচ্চ শিক্ষায় টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর আন্দোলনে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচির পর গত বৃহস্পতিবার সড়ক অবরোধে গেলে স্থবির হয়ে পড়ে রাজধানী।
এরপর সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে না নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তা আদায়ের ঘোষণা দিলেও আন্দোলনরতরা বলছেন, শিক্ষায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে, কারণ শিক্ষার পণ্যায়ন হয় না।
উত্তরার মতো বনানী, বাড্ডা, রামপুরা, মহাখালী, ধানমণ্ডি এলাকায়ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যানজটের দুর্ভোগ চরমে ওঠে।
বিকাল পৌনে ৫টায় রামপুরায় অবরোধ শেষ করে সড়ক ছেড়ে দেয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ রায়হান বলেন, সোমবার সকাল ৯টায় পুনরায় তারা অবস্থান নেবেন।
সকাল সাড়ে ১০টায় আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করে। এতে প্রগতি সরণিতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সরকারের ঘোষণায় সন্তুষ্ট না হওয়ার বিষয়ে এই শিক্ষার্থীরা বলছেন, ভবিষ্যতে ফি বাড়িয়ে ছাত্রদের পকেট থেকেই ওই টাকা আদায় করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনি থেকে সোমবার তিন দিনের ছাত্র ধর্মঘট ডেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই শিক্ষার্থীরা সড়ক অবরোধে রয়েছে।
শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বসুন্ধরার আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই এলাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি) কর্তৃপক্ষও রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করেছে।
জেআই





