চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজ উদ দৌলাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অপর সদস্যরা হলেন- সদস্য সচিব সহকারী প্রক্টর মো. মোরশেদুল হক, সদস্য মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. তৌহিদ হোসেন।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।
হল খুলে দেয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের ডাকা ধর্মঘটের ১১তম দিনে বুধবার ছড়ারকুল এলাকায় দু’টি শিক্ষক বাসে ককটেল হামলা চালানো হয়। এ সময় শিক্ষকসহ ১৩ জন গুরুতর আহত হন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





