শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে দুই চোখে আঘাত পাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই পাঠানো হয়েছে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ কথা জানিয়ে বলেন, আজ বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ের উদ্দেশে দুপুর ১ টায় শ্রীলংকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন সিদ্দিকুর।

আগামীকাল সকালে চেন্নাইয়ের একজন চক্ষু চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছে বলে জানান তিনি।

সরকারের প্রতিনিধি হিসেবে সিদ্দিকুরের সাথে গেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন। এছাড়াও সিদ্দিকুরের বড় ভাই নওয়াব আলীও তার সাথে আছেন।

গত বৃহস্পতিবার ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিন’সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান।

প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

এমবি