ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন রুমে গিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের লিফলেট ও সিডি বিতরণ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের (এমবিএ) শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন, একই বিভাগের মো. সাইদি হাসান সজিব, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (এমবিএ) ১৬তম ব্যাচের তারিকুল ইসলাম, একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমিস বিভাগের (বিবিএ) ১৮তম ব্যাচের নকিব ফারহান ও একই বিভাগের মো. আলমগীর হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছাত্রদের কার্যক্রম উক্ত ভবনের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। তাদের এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুন্ন করেছে যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টোরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী ছাত্রদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বলেন, সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। যদি তারা জড়িত থাকে তাহলে আমার পক্ষ থেকে তাদের বহিষ্কারের জন্য সুপারিশ যাবে এবং তাদের তখন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

এআর